← Back
Papers

বাংলাদেশে গণতন্ত্র: প্রকৃতি, বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ

📅 April 05, 2017 ✍️ আলী রীয়াজ
বাংলাদেশে গণতন্ত্র: প্রকৃতি, বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ

বাংলাদেশে গণতন্ত্র সংকটাপন্ন বা সংকটাপন্ন হতে পারে—এ ধরনের কথা আমরা অহরহই শুনে থাকি। দেশের ক্ষমতাসীন ও বিরোধী দলই শুধু নয়, বিশ্লেষক ও সিভিল সোসাইটি বা জনসমাজের সদস্যরা এ ধরনের আশঙ্কা প্রকাশ করে থাকেন। কমবেশি সবাই বলেন যে বাংলাদেশে গণতন্ত্র টেকসই হয়নি বা তার শিকড় গভীরভাবে প্রোথিত নয়। দুই দশকের বেশি সময় ধরে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও কোনো রকম চ্যালেঞ্জ মোকাবিলার মতো গণতন্ত্র যে প্রতিষ্ঠিত হয়নি, সেটা সহজেই লক্ষণীয়। গণতন্ত্রের এই সংকট বা সম্ভাব্য সংকটের বিষয়টি যে কল্পনাপ্রসূত নয়, তা-ও বোধগম্য। এই বক্তব্যের পেছনে যুক্তি ও উদাহরণের অভাব হবে না। ২০০৬ সালে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, তা-ই বাংলাদেশে গণতন্ত্রের ভঙ্গুরতার একটা বড় উদাহরণ। অন্যান্য সূচকের মধ্যে রয়েছে পার্লামেন্টের অকার্যকারিতা, আইনের শাসনের অভাব, বিচার বিভাগের রাজনৈতিকীকরণ। এই বৈশিষ্ট্যগুলো যেহেতু বিশেষ কোনো একটি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সেহেতু বিশ্লেষকেরা যথাযথভাবেই দাবি করেন যে এগুলো দেশের শাসনব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অব্যাহত আইনবহির্ভূত হত্যা এবং এ ধরনের কাজে যুক্ত অপরাধীদের দায় থেকে অব্যাহতি বাংলাদেশে গণতন্ত্রের দুর্বলতার একটা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট লক্ষণ। সাম্প্রতিক কালে ‘নিখোঁজ’ বা ‘গুম’ হওয়ার ঘটনার শঙ্কাজনক বৃদ্ধিও এই লক্ষণের মতোই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক শ্রেণী, দল-নির্বিশেষে, এসব বিষয় চিহ্নিত করা এবং তা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণে অনুত্সাহী।

বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রাকাঙ্ক্ষী, এ বিষয়ে সংশয় থাকার কোনো কারণ নেই। এ দেশের গণতন্ত্রাকাঙ্ক্ষী মানুষের অধিকারের প্রতি পাকিস্তানি শাসকেরা সম্মান জানাতে ব্যর্থ হয়েছে বলেই স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে কমপক্ষে তিনটি সুস্পষ্ট সূচক এই গণতন্ত্রাকাঙ্ক্ষার প্রমাণ বহন করে: অসংখ্য রাজনৈতিক দল, বিভিন্ন সময়ে গণ-আন্দোলন এবং জাতীয় নির্বাচনে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ। এই আকাঙ্ক্ষা সত্ত্বেও বাংলাদেশে গণতন্ত্রের সংকট অব্যাহত রয়েছে বলেই আমরা একমত হতে পারি।

এই পটভূমিকায় বর্তমান প্রবন্ধে আমি বাংলাদেশে বিরাজমান ‘গণতন্ত্র’-এর প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমি এই যুক্তি তুলে ধরব যে বিরাজমান ব্যবস্থায় ‘অগণতান্ত্রিক’ বলে সহজে শনাক্তযোগ্য কতিপয় বৈশিষ্ট্য একটি বিশেষ ধরনের ত্রুটিপূর্ণ (Defective) গণতন্ত্রের লক্ষণ। যদিও এই বিশেষ ধরনের ‘গণতন্ত্র’ গণতন্ত্রায়ণ (Democratization) প্রক্রিয়ার মধ্য দিয়েই উদ্ভূত হয়েছে। তবু তা গণতন্ত্রায়ণ-প্রক্রিয়ার একটি স্তর কি না, তা প্রশ্নসাপেক্ষ। এই প্রবন্ধে গত দুই দশকের রাজনৈতিক ঘটনাবলির বর্ণনা উপস্থাপন করা আমার লক্ষ্য নয়। বরং, আমার লক্ষ্য হচ্ছে, গণতান্ত্রিক শাসন ও রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন উপাদান বিষয়ে ভূয়োদর্শনলব্ধ উপাত্তের (Empirical Data) ভিত্তিতে বাংলাদেশের গণতন্ত্রের গুণাগুণ বিচার করা।

আমার বক্তব্য অনুধাবনের জন্য গণতন্ত্র ও গণতন্ত্রায়ণ, বিশেষত গণতন্ত্রায়ণ বিষয়ে আলোচনা করা প্রয়োজন। বিশ্বজুড়ে গত এক দশকে বিপরীত স্রোতে গণতন্ত্রের যাত্রা (Reverse wave) বিশ্লেষকদের মনোযোগ আকর্ষণ করেছে।১ বিশেষ করে মনোযোগ আকর্ষণ করেছে নতুন ধরনের শাসনব্যবস্থার উত্থান, যাকে বিশ্লেষকেরা হাইব্রিড রেজিম বলে বর্ণনা করছেন। এই আলোচনায় আমি এ ধরনের শাসনকে ‘সংকর শাসনব্যবস্থা’ বলে বর্ণনা করব। বাংলাদেশে গণতন্ত্রের বিষয়ে আলোচনায় এই সংকর শাসনব্যবস্থার প্রসঙ্গটি সোপান হিসেবে বিবেচিত হবে।

গণতন্ত্রের সংজ্ঞা

গণতন্ত্রের কোনো সর্বজনীন সংজ্ঞা নেই। কেননা, কাল ও স্থানভেদে গণতন্ত্রের পার্থক্য ঘটে। সহজ ভাষায়, যেকোনো দুটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফারাক লক্ষ করা যায়। গণতন্ত্রের সংজ্ঞার প্রশ্নটি রাষ্ট্রবিজ্ঞানে দীর্ঘদিন ধরেই আলোচিত ও বিতর্কিত। কয়েক দশক ধরে গণতন্ত্র ও গণতন্ত্রায়ণ-বিষয়ক গবেষণা, আলোচনা ও পর্যবেক্ষণে গণতন্ত্রের সংজ্ঞা ও গণতন্ত্রের প্রকৃতি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে।

সমাজবিজ্ঞানে, বিশেষত রাষ্ট্রবিজ্ঞানে, গণতন্ত্রের অর্থ নিয়ে চিন্তাভাবনার মধ্যে দুটি প্রধান ধারা রয়েছে। এর একটি ধারায় গণতন্ত্রকে বিবেচনা করা হয় একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে, যা নির্দিষ্ট ‘নির্বাচনী’ ও ‘পদ্ধতিগত’ মানদণ্ড (বা নির্ণায়ক) অর্জনে সক্ষম হয়েছে। অন্য ধারাটিতে গণতন্ত্র ও গণতন্ত্রায়ণকে সমাজে কতগুলো সঠিক গণতান্ত্রিক ‘সাংস্কৃতিক’ উপাদান অর্জিত হওয়ার নিরিখে বিবেচনা করা হয়। পদ্ধতিগত গণতন্ত্রের ধারণার জনক জোসেফ সুম্পিটারকে বলা যেতে পারে। সুম্পিটারের ১৯৪৬ সালে প্রকাশিত গ্রন্থ ক্যাপিটালিজম, সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি-এর (সুম্পিটার, ১৯৪৬/১৯৫০) লক্ষ্য হচ্ছে, গণতন্ত্র-সম্পর্কিত ‘অস্পষ্ট ধারণা’ থেকে সরে এসে গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিমাপ করা যায়, এমন সব সুস্পষ্ট নির্ণায়ক চিহ্নিত করা। তিনি গণতন্ত্রকে বর্ণনা করেন নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা হিসেবে। সুম্পিটার লিখছেন:

The democratic method is that institutional arrangement for arriving at political decisions in which individuals acquire the power to decide by means of a competitive struggle for people's vote. (সুম্পিটার, ১৯৫০: ২৬৯)।

(গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছানোর এমন এক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, যেখানে জনগণের ভোট পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কোনো ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লাভ করে।)

সহজ ভাষায় সুম্পিটারের কাছে গণতন্ত্র হলো, যারা সিদ্ধান্ত নেবে, তাদের নির্বাচনের ব্যবস্থা (সুম্পিটার, ১৯৫০: ২৯৬)। এই সংজ্ঞায় পদ্ধতিগত দিকটিই যে প্রাধান্য পেয়েছে, তা সহজেই লক্ষণীয়।

গণতন্ত্রের এই পদ্ধতিগত ধারণাকে রবার্ট ডাল তাঁর বিখ্যাত গ্রন্থ পলিয়ার্কি: পার্টিসিপেশন অ্যান্ড অপজিশন-এ বিস্তারিত ও সম্প্রসারিত করেন। ডাল যে ব্যবস্থার কথা তুলে ধরেন, সেটাকে তিনি বর্ণনা করেন ‘পলিয়ার্কি’ বা ‘বহুজনের শাসনব্যবস্থা’ হিসেবে। রবার্ট ডাল (১৯৭২) পদ্ধতিগত গণতন্ত্রের সুস্পষ্ট নির্ধারকের তাগিদ দিয়ে বলেন যে বহুজনের শাসনব্যবস্থার কতগুলো মৌলিক উপাদান রয়েছে। সেগুলো হলো: সরকারে সাংবিধানিকভাবে নির্বাচিত কর্মকর্তা থাকা; নিয়মিত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন; সব পূর্ণবয়স্কের ভোটাধিকার এবং নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার; মতপ্রকাশের স্বাধীনতা; সরকার বা কোনো একক গোষ্ঠীর একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে এমন উেসর বিকল্প থেকে তথ্য পাওয়ার সুযোগ এবং সংগঠনের স্বাধীনতা। ডালের এই বক্তব্য থেকে স্পষ্ট যে বহুজনের শাসন হলো শাসনব্যবস্থার জন্য কতগুলো প্রতিষ্ঠান ও পদ্ধতির সমন্বিত রূপ। ডালের এই সংজ্ঞা বা বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তর সমালোচনা থাকলেও এখন পর্যন্ত গণতন্ত্রের সংজ্ঞা ও গুণাগুণ বিচারে এগুলোই সবচেয়ে ব্যবহূত মাপকাঠি। সুম্পিটার ও ডালের এই মাপকাঠিকে গণতন্ত্রের পদ্ধতিগত (Procedural) এবং সবচেয়ে সীমিত (Minimalist) সংজ্ঞা বলা হয়ে থাকে।

পদ্ধতিগত এই সংজ্ঞার বিপরীতে অনেকেই সাংস্কৃতিক দিকে নজর দেওয়ার প্রয়োজনের ওপর জোর দেন। গত কয়েক দশকে অনেক দেশে সুষ্ঠু নির্বাচন সত্ত্বেও গণতন্ত্রের সমস্যা বিদ্যমান থাকার ফলে নির্বাচনভিত্তিক গণতন্ত্রের বদলে অন্যান্য কতিপয় বিষয়ের ওপর জোর দেওয়ার তাগিদ সৃষ্টি হয়। এই ধারণার প্রবক্তারা নাগরিকদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সিভিল সোসাইটি বা জনসমাজের সক্রিয় অংশগ্রহণকে নির্ধারকের জায়গায় স্থান দেওয়ার পক্ষে যুক্তি প্রদর্শন করেন। এঁদের মধ্যে অন্যতম হচ্ছেন ল্যারি ডায়মন্ড (ডায়মন্ড, ১৯৯৩, ১৯৯৯, ২০০০, ২০০১, ২০০৮)। তিনি বলেন, নির্বাচনী গণতন্ত্রের (Electoral Democracy) ওপর গুরুত্বারোপের ফলে গণতন্ত্রের সাফল্যের ব্যাপারে যে বিভিন্ন ধরনের চিত্র রয়েছে, তা ঠিক বোঝা যায় না। তাই তিনি রাজনৈতিক সংস্কৃতি, সুশীল সমাজ ও গণতন্ত্রের বিভিন্ন ধরনের বিষয় বিবেচনায় নিতে বলেন। ডায়মন্ড ও অন্য গবেষকদের (যেমন: চ্যান্ডলার, ২০০০) দেওয়া গণতন্ত্রের সংজ্ঞাকে গণতন্ত্রের সম্প্রসারিত সংজ্ঞা হিসেবে বিবেচনা করা হয়।

গণতন্ত্র সম্পর্কে যেসব গবেষণা হয়েছে, তাকে আমরা আরও দুটো ভাগে ভাগ করতে পারি। তা হলো: আদর্শিক (Normative) এবং ভূয়োদর্শনলব্ধ (Empirical)। প্রথম ধারা বলে গণতন্ত্র কেমন হওয়া উচিত, দ্বিতীয় ধারা ব্যাখ্যা করে কার্যত গণতন্ত্র কীভাবে কাজ করে। তা ছাড়া গণতন্ত্রের সীমিত সংজ্ঞা ও পরিবর্ধিত সংজ্ঞার পার্থক্যকে অনেকে ব্যাখ্যা করেন গণতন্ত্র একটি শাসনব্যবস্থা এবং গণতন্ত্র একগুচ্ছ মূল্যবোধ—এই দুই রকম দৃষ্টিভঙ্গির তফাত হিসেবে।

গণতন্ত্রসংক্রান্ত এই দুই ধরনের ধারণার সমন্বয়সাধনের চেষ্টা একেবারে হয়নি তা নয়, বরং অনেকের ধারণা, এই দুই ধারণার সমন্বয়েই আমরা কতগুলো নির্ণায়ক তৈরি করতে পারি, যা একটি দেশের গণতন্ত্রের গুণাগুণ বিচারে সাহায্য করতে পারে। এই সমন্বয়ী দৃষ্টিভঙ্গি থেকে গণতন্ত্রের তিনটি উপাদানকে মৌলিক বা বুনিয়াদি বলে বিবেচনা করা যায়। এগুলো হলো: ১. সর্বজনীন ভোটাধিকার; ২. আইনসভা ও নির্বাহী বিভাগের প্রধানের পদের জন্য নিয়মিত, অবাধ, প্রতিযোগিতামূলক, বহুদলীয় নির্বাচন; ৩. মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতাসহ সব ধরনের নাগরিক ও রাজনৈতিক অধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসন, যার আওতায় রাষ্ট্রের প্রতিনিধি ও নাগরিক আইনিভাবে প্রকৃত অর্থেই সমানভাবে বিবেচ্য। এই বৈশিষ্ট্যগুলোর একটি পক্ষপাত সীমিত সংজ্ঞার প্রতি থাকলেও, এটা জোর দিয়ে বলা আবশ্যক যে এই তিনটি উপাদান পরস্পর সংশ্লিষ্ট। অর্থাত্ স্বতন্ত্রভাবে এর একটি উপাদানের সাফল্য গণতন্ত্রের আংশিক সাফল্যের পরিচায়ক নয়। গণতন্ত্রের জন্য এই তিনটি উপাদানকে সমভাবে কার্যকর থাকতে হবে এবং সাফল্য লাভ করতে হবে। তা ছাড়া এই উপাদানগুলোকে চূড়ান্ত লক্ষ্য বলে বিবেচনা করা যাবে না; বিবেচনা করতে হবে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে।

গণতন্ত্রায়ণ

কোনো দেশে গণতন্ত্র থাকা অথবা না-থাকা কোনো নিশ্চল বিষয় নয়। ফলে রাষ্ট্রবিজ্ঞানে দীর্ঘদিন ধরেই এ নিয়ে বিতর্ক রয়েছে যে কীভাবে একটি দেশ অগণতান্ত্রিক অবস্থা (বিভিন্ন ধরনের কর্তৃত্ববাদী শাসন, যেমন সামরিক আইন) থেকে গণতন্ত্রে উত্তরিত হয়। প্রশ্নগুলো সহজ ভাষায় বললে: কেন কিছু দেশ গণতান্ত্রিক এবং কিছু দেশ গণতান্ত্রিক নয়? কী করে একটি অগণতান্ত্রিক দেশ ‘অগণতন্ত্র’ থেকে ‘গণতন্ত্রে’ যেতে পারে? শেষ প্রশ্নের উত্তরের বিষয়টি গণতন্ত্রে উত্তরণ-প্রক্রিয়া বা গণতন্ত্রায়ণ বলে বর্ণনা করা হয়।

১৯৬০ ও ১৯৭০-এর দশকে আধুনিকায়ন তত্ত্বের (Modernization Paradigm) আলোকে গণতন্ত্রায়ণ-সম্পর্কিত আলোচনায় বলা হয় যে সামাজিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশেই গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা বেশি (লিপসেট, ১৯৫৯; এলমন্ড ও ভারবা, ১৯৬৩; মুর, ১৯৬৩)। যদিও লিপসেট তাঁর আলোচনায় অর্থনৈতিক উন্নয়নকে (যেমন: নগরায়ণ, সম্পদ ও শিক্ষা) ‘আবশ্যক’ (Requisite) বলেছেন, ‘পূর্বশর্ত’ (Pre-requisite) বলেননি। পরবর্তী আলোচনায় এগুলো পূর্বশর্ত বলে বিবেচনা করা হতে থাকে।২ এমনকি ১৯৯০-এর দশকের শেষ পর্যন্ত আমরা এই ধারায় ভূয়োদর্শনলব্ধ গবেষণা (Empirical Study) পরিচালনা হতে দেখি (যেমন: ভ্যানহানেন, ১৯৯৭)। বাস্তবে ১৯৭০-এর দশকে এসে যখন পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ধারা তৈরি হয় তখন এই যুক্তি কার্যত বাতিল হয়ে যায়। পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে দক্ষিণপন্থী একনায়কত্বের অবসানের মধ্য দিয়ে যে ধারার শুরু, ১৯৮০-র দশকে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে তা ছড়িয়ে পড়ে। এরপর এশিয়ায় তার প্রভাব রাখে এবং দশকের শেষ নাগাদ পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসিত দেশগুলো, এমনকি সোভিয়েত ইউনিয়নেও এর বাতাস লাগে। অব্যাহতভাবে দেশে দেশে একনায়কি শাসন, স্বৈরতন্ত্র, সামরিক শাসন, একদলীয় ব্যবস্থা ইত্যাদির বদলে নির্বাচিত সরকারের উত্থানকে ১৯৯১ সালে স্যামুয়েল হান্টিংটন বর্ণনা করেন ‘গণতন্ত্রের তৃতীয় ঢেউ’ (Third Wave of Democracy) বলে (হান্টিংটন, ১৯৯১)। ১৯৯০ সালে বাংলাদেশে জেনারেল এরশাদের সেনাশাসনের বিরুদ্ধে গণ-আন্দোলনের সাফল্য এবং নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে ‘জন-আন্দোলন’কে এই তৃতীয় ঢেউয়ের প্রভাব বলেও ধারণা করা হয়ে থাকে। দেশে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার এই ঢেউ এতটাই নাটকীয় ও অভূতপূর্ব ছিল, কেউ কেউ এরই আলোকে বিংশ শতাব্দীকে গণতন্ত্রের শতক বলে বর্ণনা করেন। এ নিয়ে আশাবাদ ও অতিশয়োক্তির ঘটনাও ঘটে। ফ্রান্সিস ফুকুইয়ামা বিজয়দৃপ্ত মনোভঙ্গিতে ঘোষণা করেন যে আমরা ইতিহাসের ‘অবসান’ প্রত্যক্ষ করছি (ফুকুইয়ামা, ১৯৮৯, ১৯৯২)।

১৯৭০-এর দশকে গণতন্ত্র অভিমুখে বিভিন্ন দেশের যাত্রা বিশ্লেষকদের মধ্যে এই ধারণার জন্ম দেয় যে গণতন্ত্রায়ণ একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় রয়েছে। তদুপরি এর প্রতিটি পর্যায়ের প্রতি গভীর মনোযোগ প্রদর্শন করা ও বিশ্লেষণ করা জরুরি। এই ধারণাই গণতন্ত্রায়ণ-প্রক্রিয়ার বিষয়ে নতুন নতুন তত্ত্বের জন্ম দেয়। সোভিয়েত ইউনিয়নের পতন এবং পূর্ব ইউরোপের দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার চেষ্টা তাত্ত্বিকভাবে গণতন্ত্রায়ণ-প্রক্রিয়া বোঝার তাগিদকে জোরদার করে। এগুলোকে উত্তরণ তত্ত্ব (Transition Thesis) বলে চিহ্নিত করা হয়। কারও কারও মতে, গণতন্ত্রায়ণ-প্রক্রিয়ার চারটি পর্যায় রয়েছে: কর্তৃত্ববাদী ব্যবস্থার ক্ষয়, উত্তরণ, সংহতকরণ (Consolidation) এবং দৃঢ়করণ (Deepening)। কারও কারও মতে রয়েছে তিনটি স্তর: সুযোগ সৃষ্টি (Opening), ব্যূহভেদ (Breakthrough) এবং সংহতকরণ (Consolidation) (ক্যারোথারস, ২০০২)।

গণতন্ত্রায়ণের বিভিন্ন পর্যায় রয়েছে বলে যাঁরা মনে করেন, খানিকটা অবচেতনভাবেই তাঁরা একধরনের একরৈখিক পর্যায়ক্রমিক অগ্রগতির ধারণাকে গ্রহণ করে নেন। অর্থাত্ গণতন্ত্রায়ণের প্রক্রিয়া একবার শুরু হলে তা উত্তরণ পর্যায় হয়ে সংহতকরণ বা দৃঢ়করণ পর্যায়ে উপনীত হবে। ক্যারোথারস (২০০২: ৭) যথার্থই শনাক্ত করেন যে এই মতের প্রবক্তারা অস্বীকার করলেও এই ধারণার মধ্যে পরমকারণবাদের (Teleology) প্রভাব সুস্পষ্ট। গণতন্ত্রায়ণ, বিশেষত উত্তরণ পর্যায়ের দিককে যাঁরা প্রাধান্য দিয়েছেন, তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে আরও অনেক ধরনের সমালোচনা ইদানীং প্রকাশিত হচ্ছে। অন্যতম দুটি প্রধান সমালোচনা হলো, উত্তরণবিষয়ক আলোচনা সব সময়ই পরিবর্তনের সূচনাটি ক্ষমতাসীনদের কাছ থেকে শুরু হয়েছে বলে ধারণা দিয়েছে (সেটা অর্থনৈতিক সংকট বা অভ্যন্তরীণ মতভিন্নতা, যে কারণেই ঘটুক না কেন)। তাঁরা কার্যত পরিবর্তনের চাপ যে নিচে থেকে অর্থাত্ তৃণমূল পর্যায় থেকে আসতে পারে, সেদিকটায় খুব গুরুত্ব দেননি। কিন্তু অনেক দেশেই তা লক্ষ করা গেছে। দ্বিতীয় সমালোচনা হলো, আন্তর্জাতিক প্রেক্ষাপট ও তার ভূমিকা মোটেই আলোচিত হয়নি। কোনো দেশের গণতন্ত্রায়ণে বাইরের পরিস্থিতি, শক্ত রাজনৈতিক-অর্থনৈতিক প্রেক্ষাপট আদৌ প্রভাব ফেলেছে কি না, তা অনালোচিতই থেকেছে। জেওফ্রি প্রিধাম একে গণতন্ত্রায়ণের ‘বিস্মৃত মাত্রা’ বলে বর্ণনা করেছেন (প্রিধাম, ২০০৫)।

গণতন্ত্রায়ণের, বিশেষত পর্যায়ক্রমিক কিন্তু একরৈখিক ধারার ধারণা কেবল যে গবেষকদেরই প্রভাবিত করেছে তা নয়, বিভিন্ন দেশের এবং আন্তর্জাতিক সংস্থার চিন্তাভাবনা ও কার্যক্রমকেও তা ব্যাপকভাবে প্রভাবিত করে।

এই পটভূমিকায়ই আরেকটি প্রশ্ন ক্রমেই জোরদার হয়ে ওঠে, তা হলো—গণতন্ত্র কী করে পরিমাপ করা যায়? প্রশ্নটি কেবল এই নয় যে কোনটি ভালো আর কোনটি খারাপ, প্রশ্নটি হলো, মর্মবস্তুর বিবেচনায় কোনটি গণতন্ত্র? প্রশ্ন ওঠে, ‘গণতন্ত্র’ এবং ‘অগণতন্ত্র’ কি দ্বিমূল (Binary) ধারণা? (অর্থাত্ একটির অবস্থান অন্যটিকে নাকচ করে দেয়, একটি থাকলে অন্যটি উপস্থিত থাকতে পারে না।) নাকি গণতন্ত্র হচ্ছে স্তর বিন্যস্ত পরম্পরার (Continuum) একটি অবস্থান (অর্থাত্ গণতন্ত্রের ক্রমবিন্যাস করা সম্ভব)? অনেক রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্র-অগণতন্ত্রকে দ্বিবিভাজিত বলে মনে করেন এবং গণতন্ত্র পরিমাপ করার ক্ষেত্রে কোনো ধরনের স্তরবিন্যাসের পক্ষে নন (সারটোরি, ১৯৮৭)। অন্যদিকে অনেকের ধারণা, গণতন্ত্রের সংজ্ঞা হওয়া দরকার চলমান ক্রমবিন্যাস-প্রক্রিয়া হিসেবে (বোলেন ও জ্যাকম্যান, ১৯৮৯)। এই বিতর্কের কোনো ধরনের সমাপ্তি না হলেও ক্রমবিন্যাসের ধারণার সমর্থকেরা অনেক বেশি গ্রহণযোগ্যতা লাভ করেছেন গত কয়েক দশকে।

বিপরীত স্রোত

গণতন্ত্রের ‘তৃতীয় ঢেউ’ নিয়ে যে ধরনের উত্সাহ, আগ্রহ ও আশাবাদ দেখা দিয়েছিল এক দশকের মধ্যে তাতে ভাটার টান লাগে। ২০০০ সালের কিছু আগে থেকেই গবেষকেরা আশঙ্কা প্রকাশ করতে থাকেন যে প্রত্যাশা ও অর্জনের মধ্যে ফারাক তৈরি হচ্ছে। নতুন নতুন গবেষণার ফলাফল প্রকাশিত হতে থাকলে এবং বিশ্লেষকদের পর্যবেক্ষণ লক্ষ করে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলতে শুরু করেন যে গণতন্ত্র সংহত হওয়ার বদলে অনেক দেশ গণতন্ত্র গুটিয়ে ফেলছে বা পশ্চাদমুখী হয়ে পড়ছে। ২০০৮ সালে ফরেন অ্যাফেয়ার্স সাময়িকীতে ল্যারি ডায়মন্ডের ‘গণতন্ত্রের পিছু হটা’ শীর্ষক রচনাটি সবচেয়ে মনোযোগ আকর্ষণ করলেও থমাস ক্যারোথারস (২০০২), মেরিনা ওটাওয়ে (২০০৩) এবং এন্ডু নেথ্যানসহ (২০০৩) অনেকেই এ কথা দশকের গোড়াতেই বলতে শুরু করেন।

গবেষকেরা সে সময় থেকেই এটা চিহ্নিত করেন যে গণতন্ত্রের তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর কিছু দেশ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে, কিছু দেশ উল্টো পথে কর্তৃত্ববাদী শাসনে ফিরে গেছে। আর কিছু দেশ গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য অর্জন করলেও হয় স্বেচ্ছায় বা অন্য কারণে নিশ্চল হয়ে পড়েছে। এই পরিস্থিতি উত্তরণ বা গণতন্ত্রায়ণ তত্ত্বের ধারণার সঙ্গে সম্পূর্ণ অসংগতিপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞানীদের অনেকেই এ অবস্থার দিকে মনোনিবেশ করেন।

উদ্বিগ্ন রাষ্ট্রবিজ্ঞানীদের কেউ কেউ মনে করিয়ে দেন যে গণতন্ত্রায়ণ নিয়ে আশাবাদের জোয়ারের মধ্যেও ১৯৮৬ সালে গুয়েলারমো ও’ডানেল এবং ফিলিপ স্মিটার এই বলে সতর্ক করেছিলেন যে কর্তৃত্ববাদী শাসন থেকে উত্তরণের ফল হতে পারে তুলনামূলক উন্মুক্ত কর্তৃত্ববাদী শাসন অথবা নিয়ন্ত্রণমূলক অনুদার (Illiberal) গণতন্ত্র (ও’ডানেল এবং স্মিটার, ১৯৮৬: ৯)। সময়ের সঙ্গে সঙ্গে এটা আরও স্পষ্ট হয়, অনেক সরকারই সাংবিধানিক পথ ও নির্বাচনী প্রক্রিয়া গ্রহণ করেছেন (এই অর্থে যে নিয়মিতভাবে অবাধ, প্রতিযোগিতামূলক, বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সীমিত আকারে রাজনৈতিক ও নাগরিক অধিকার চর্চার সুযোগ দেওয়া হচ্ছে), কিন্তু গণতন্ত্রের যে মর্মবস্তু (শাসন পরিচালনায় জনগণের ইচ্ছার প্রতিফলন, তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া) তা অপূরিতই থেকে যাচ্ছে। এই অপূর্ণতা রাজনৈতিক শ্রেণীর আদর্শিক অবস্থানের পার্থক্য সত্ত্বেও বিভিন্ন দেশে লক্ষণীয় হয়ে ওঠে। এ অবস্থায় এটাও স্পষ্ট হয়ে যায়, গণতন্ত্র-অগণতন্ত্রের এই বিভাজন দিয়ে গণতন্ত্রের অবস্থা বোঝা সম্ভব নয়। ফলে প্রশ্ন ওঠে, এসব গণতন্ত্রকে কীভাবে বর্ণনা করা হবে?

বিশেষণসমৃদ্ধ গণতন্ত্র

এ ধরনের গণতন্ত্রকে বর্ণনা করার জন্য বিভিন্ন বিশেষণ ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে আধা গণতন্ত্র (Semi-democracy), প্রায়-গণতন্ত্র (Virtual democracy), নির্বাচনী গণতন্ত্র (Electoral democracy), ছদ্ম গণতন্ত্র (Pseudo-democracy), অনুদার গণতন্ত্র (Illiberal democracy), আধা কর্তৃত্ববাদ (Semi-authoritarianism); কোমল কর্তৃত্ববাদ (Soft authoritarianism) এবং নির্বাচনী কর্তৃত্ববাদ (Electoral authoritarianism) (লেভিটস্কি এবং ওয়ে, ২০০২)। ল্যারি ডায়মন্ড এ ধরনের শাসনকে হাইব্রিড রেজিম (Hybrid regime) বা সংকর শাসনব্যবস্থা বলে বর্ণনা করেছেন (ডায়মন্ড, ২০০২)। গোড়ার দিকে এসব শাসনব্যবস্থার সঙ্গে ‘আধা’, ‘প্রায়’ ইত্যাদি বিশেষণ যুক্ত করে একে গণতন্ত্র বা কর্তৃত্ববাদী শাসনের পূর্ববর্তী বা পরবর্তী স্তর বলে ধারণা দেওয়ার চেষ্টা হলেও পরবর্তী সময় বিশ্লেষকেরা ক্রমেই স্বীকার করে নেন যে এগুলো গণতন্ত্র বা কর্তৃত্ববাদের কোনো উপরূপ নয়। বরং এগুলো হচ্ছে একটি বিশেষ ধরনের শাসন, নিজেই একটা বিশেষ রূপ। ফলে এদের গণতন্ত্র বা কর্তৃত্ববাদ বলে বর্ণনার সুযোগ নেই (বোগার্ড, ২০০৯)। ডায়মন্ড ২০০২ সালে খুব জোর দিয়ে বলেন যে সংকর শাসনকে, উত্তরণের পথে রয়েছে এমন শাসনব্যবস্থার সঙ্গে, গুলিয়ে ফেলা ঠিক হবে না। উত্তরণ পর্যায় হচ্ছে শাসনব্যবস্থা এক ধরন থেকে অন্য ধরনে যাওয়ার অন্তর্বর্তী অবস্থান—হাইব্রিড রেজিম তা নয়, এগুলো নিজেই একধরনের শাসনব্যবস্থা।

এক অর্থে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সংকর শাসনব্যবস্থার মধ্যে পার্থক্যটি হলো আনুষ্ঠানিক (Formal) গণতন্ত্র ও প্রকৃত (Substantive) গণতন্ত্রের পার্থক্য। আনুষ্ঠানিক গণতন্ত্র হলো, যেখানে গণতন্ত্রের প্রয়োজনীয় সব বা অধিকাংশ প্রতিষ্ঠান উপস্থিত থাকে, কিন্তু সেগুলো নিয়ন্ত্রিত বা অপব্যবহূত হয় সংখ্যালঘু এলিটদের দ্বারা, তাদের নিজস্ব ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে। এই ব্যবস্থা নিয়মিত নির্বাচন অনুষ্ঠান, আপাতদৃষ্টে রাজনীতিতে অংশগ্রহণের ব্যবস্থা এবং আইনের শাসনের কিয়দংশ বহাল রাখে; কিন্তু কার্যত তা তস্করের শাসন (Kleptocracy)। আন্দ্রিয়াস সেডলারের ভাষায় বললে, এরা ঠিকঠাক নির্বাচন অনুষ্ঠানের কাজটি করতে পারে, কিন্তু গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার অন্যান্য গুরুত্বপূর্ণ দিক যেমন: আইনের শাসন, রাজনৈতিক জবাবদিহি, আমলাতান্ত্রিক সততা এবং উন্মুক্ত আলাপ-আলোচনা—এসবের প্রাতিষ্ঠানিক রূপ দিতে ব্যর্থ হয় (সেডলার, ২০০২: ৩৭)।

প্রকৃত গণতন্ত্র, বিপরীতক্রমে, গণতন্ত্রের যে মর্মবস্তু—জনগণের ক্ষমতায়ন, যাতে করে তারা সমাজের সুরক্ষিত কাঠামোর স্বার্থ এবং সুবিধাভোগী গোষ্ঠীর প্রতিপত্তির বিরুদ্ধে স্বাধীনভাবে তাদের স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে পারে—তাই অর্জন করতে চায়। প্রকৃত গণতন্ত্র চায় জবাবদিহি প্রতিষ্ঠা করতে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে, আইনের শাসন পালন করতে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে।

কোনো কোনো বিশ্লেষক, যেমন ফরিদ জাকারিয়া, এই দুই বিপরীতধর্মী ব্যবস্থাকে অনুদার (Illiberal) ও উদার (Liberal) গণতন্ত্র বলে বর্ণনা করেছেন (জাকারিয়া, ১৯৯৭, ২০০৭)। তাঁর বক্তব্য অনুযায়ী, অনুদার গণতন্ত্রে নির্বাচনের সঙ্গে সহাবস্থান করে নিয়মিত ও পরিকল্পিতভাবে রাজনৈতিক অধিকার এবং আইনবহির্ভূতভাবে জনগণের কোনো কোনো অংশের ভোটাধিকার হরণ। কিন্তু জাকারিয়ার এই শ্রেণীর বিভাজন ও বর্ণনা অনেককে সন্তুষ্ট করতে পারেনি; সেডলার (২০০২: ৪৩) মন্তব্য করেছেন, ‘অনুদার—অবশ্যই, কিন্তু গণতান্ত্রিক কি?’ আনুষ্ঠানিক গণতন্ত্রের যাঁরা সুবিধাভোগী, তাঁরা নিয়মিত নির্বাচন অনুষ্ঠানকে কেবল গণতন্ত্রের প্রমাণ হিসেবেই উপস্থাপন করেন না, তাঁরা নির্বাচনকে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখান এবং তার উপস্থিতির কারণে অন্য সব অপূর্ণতাকে অস্বীকার করতে চান।

বাংলাদেশে গণতন্ত্রের প্রকৃতি 

নির্বাচিত বেসামরিক সরকারের বিভিন্ন ধরনসংক্রান্ত আলোচনা ও তাদের পার্থক্য বিবেচনা করে বাংলাদেশের গণতন্ত্রকে প্রায়ই ‘নির্বাচনী গণতন্ত্র’ (Electoral Democracy) বলে বর্ণনা করা হয়ে থাকে। এই বর্ণনা ১৯৯১-পরবর্তী সব নির্বাচিত সরকারের শাসনকেই বোঝায়। এটা এই অর্থে সঠিক যে ১৯৯১-পরবর্তীকালে (একটি ব্যতিক্রম বাদে) নিয়মিতভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই সময়ের শাসনব্যবস্থা কর্তৃত্ববাদী সেনাশাসন (১৯৭৫-৯০) থেকে সম্পূর্ণ ভিন্ন। কিন্তু যথেষ্ট পরিমাণ উদাহরণ ও গবেষণালব্ধ উপাত্ত রয়েছে, যা থেকে দেখা যায় যে, সব সরকারই নাগরিক অধিকার সীমিত করতে আইনি ও আইনবহির্ভূত ব্যবস্থা গ্রহণ করেছে। তা ছাড়া জবাবদিহির বিষয়টি এখনো ‘সোনার হরিণ’ই থেকে গেছে।

বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃতি বোঝার জন্য এসব ঘটনা ও সীমিত উপাত্তের পুনরালোচনা না করে আমরা ব্যবহার করব গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের সমন্বিত (Composite Indices) উপাত্ত। এসব উপাত্ত নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে: ১. ইতিমধ্যে জনসমক্ষে প্রকাশিত (Public Domain); ২. একাধিক বছরের উপাত্ত; ৩. একাধিক সরকার ক্ষমতাসীন থাকাকালীন উপাত্ত। যেসব ক্ষেত্রে সম্ভব হয়েছে, আমরা একই সূচকের ব্যাপারে দীর্ঘমেয়াদি প্রবণতার দিকে নজর দিয়েছি এবং একাধিক বছরের গড় সংখ্যাকে বিবেচনায় নিয়েছি। একই সূচকের জন্য ক্ষেত্রবিশেষে একাধিক সূত্রও ব্যবহূত হয়েছে।

আমরা ছয়টি সূচক নির্ধারণ করেছি, যেগুলো সংকর শাসনব্যবস্থার উপস্থিতি প্রমাণ দিতে পারে বা তাকে নাকচ করে দিতে পারে। এই সূচক নির্বাচনে আমরা অনুসরণ করেছি জোয়াকিম একম্যানকে (২০০৯)।৩ সূচক নির্বাচনে ইতিমধ্যে সংকর শাসনব্যবস্থা-বিষয়ক আলোচনায় যেসব বৈশিষ্ট্য গুরুত্ব পেয়েছে, সেগুলোকে খতিয়ে দেখা (অর্থাত্ নিয়মিত নির্বাচন অনুষ্ঠান, কিন্তু সহজে লক্ষ্যযোগ্য কতক দুর্বলতা থাকা) আমাদের লক্ষ্য। নির্বাচিত ছয়টি সূচক হলো: ১. প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন; ২. উঁচু মাত্রার দুর্নীতি; ৩. জবাবদিহির অনুপস্থিতি; ৪. গণমাধ্যমের স্বাধীনতায় সমস্যাসংকুল পরিস্থিতি; ৫. নাগরিক অধিকার পরিস্থিতির দুর্বলতা; ৬. আইনের শাসনের অনুপস্থিতি।

উপাত্তগুলো সংগ্রহ করা হয়েছে ছয়টি সূত্র থেকে। এগুলো হলো ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ‘ডেমোক্রেসি ইনডেক্স’, ফ্রিডম হাউসের ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড’, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের  ‘করাপশন পারসেপশন ইনডেক্স’, রিপোর্টার্স উইদাউট বর্ডারের ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যের ভিত্তিতে ‘পলিটিক্যাল টেরর স্কেল’-এর উপাত্ত।

এ পর্যায়ে আমরা প্রতিটি সূচকের ব্যাপারে প্রাপ্ত উপাত্তগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করব। তারপর এগুলোকে একটি সারণিতে সমন্বয় করব।

গণতন্ত্রের একটি অত্যাবশ্যকীয় শর্ত হলো—অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। সংকর শাসনব্যবস্থায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা আমরা আমাদের পূর্বোক্ত আলোচনায়ই জানি। এ ক্ষেত্রে প্রাসঙ্গিক দিক হলো, নির্বাচন কোনো রকম পার্থক্য তৈরির সম্ভাবনা সৃষ্টি করে কি না। এখানে আমরা ইকোনমিস্ট-এর ডেমোক্রেসি ইনডেক্স থেকে নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদিতা-বিষয়ক স্কোরটি ব্যবহার করেছি। ইকোনমিস্ট-এর ‘ডেমোক্রেটিক ইনডেক্স’-এ এই প্রশ্নের উত্তরের জন্য বেশ কয়েকটি দিক দেখা হয়; যেমন দেশের আইনসভা ও সরকারের প্রধান নির্ধারণের জন্য যে নির্বাচন হয়, তা কি অবাধ? বিরোধী দলের কি সরকার গঠনের বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে? এসব উত্তরের ভিত্তিতে ০-১০ স্কোরিং করা হয়। আমরা ছয় বা তার বেশিকে ধরে নিয়েছি ইতিবাচক বলে। চার বছরের উপাত্ত থেকে দেখা যায়, বাংলাদেশের গড় স্কোর হচ্ছে সাত (দ্রষ্টব্য: সারণি-১)।

সারণি-১

ইকোনমিস্ট-এর গণতন্ত্র সূচক

বছর

অবস্থান

সামগ্রিক

স্কোর

নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদিতা

সরকারের

কার্যক্রম

 

রাজনৈতিক

অংশগ্রহণ

রাজনৈতিক

সংস্কৃতি

 

নাগরিক

অধিকার

২০১১     

৮৩

৫.৮৬

৭.৪২

৫.৪৩

৫.০০

৪.৩৮

৭.০৬

২০১০

৮৩

৫.৮৭

৭.৪২

৫.৪৩

৪.৪৪

৫.০০

৭.০৬

২০০৮     

৯১

৫.৫২      

৭.০০

৫.০৭

৪.৪৪

৩.৭৫

৭.৩৫

২০০৬

৭৫

৬.১১

৭.৪২

৫.০৭

৪.৪৪

৬.২৫

৭.৩৫

সূত্র: ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, ডেমোক্রেসি ইনডেক্স, বিভিন্ন বছর।

দুর্নীতির মাত্রা নিরূপণের জন্য আমরা ব্যবহার করেছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করাপশন ‘পারসেপশন ইনডেক্সে’র স্কোর। এখানে ১-১০-এর তুলাদন্ডে ১০ হচ্ছে সবচেয়ে কম দুর্নীতির এবং ১ হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতির পরিচায়ন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নয় বছরে বাংলাদেশ ২ দশমিক ৭ বা তার চেয়ে কম স্কোর পেয়েছে (দ্রষ্টব্য: সারণি-২)। নয় বছরের উপাত্ত প্রমাণ করে যে বাংলাদেশে দুর্নীতির মাত্রা উল্লেখযোগ্যভাবে উঁচু।

সারণি-২

দুর্নীতির উপস্থিতির সূচক

২০১১

২০১০

২০০৯

২০০৮

২০০৭

২০০৬

২০০৫

২০০৪

২০০৩

২.৭

২.৪

২.১

২.০

২.০

১.৭

১.৫

১.৩

১.২

সূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, করাপশন পারসেপশন ইনডেক্স, বিভিন্ন বছর।

আমাদের তৃতীয় সূচক হলো জবাবদিহির অনুপস্থিতি। ইকোনমিস্ট-এর ‘ডেমোক্রেসি ইনডেক্স’ একে সরকারের কার্যক্রম হিসেবে সারণিবদ্ধ করেছে। এই স্কোরের জন্য ইকোনমিস্ট অনেকগুলো প্রশ্নের উত্তরের একটি গড় তৈরি করে। এই প্রশ্নগুলোর মধ্যে আছে—দুই নির্বাচনের মধ্যবর্তী সময়ে সরকারি কর্তৃত্ব (authority) প্রয়োগের ক্ষেত্রে ভারসাম্য নিশ্চিত করার কোনো পদ্ধতি রয়েছে কি না? জনপ্রশাসন সরকারি নীতি বাস্তবায়নে আগ্রহী ও সক্ষম কি না? আমরা এ ক্ষেত্রে চার বছরের যে চারটি স্কোর রয়েছে তার একটি গড় তৈরি করেছি। আমরা ছয় বা তার কমকে দুর্বলতা বলে শনাক্ত করেছি। চার বছরের সবগুলোতেই বাংলাদেশ ৬-এর কম স্কোর পেয়েছে (দ্রষ্টব্য: সারণি-১)।

গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক সূচকটির উপাত্ত সংগৃহীত হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারের ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’ থেকে। এ ক্ষেত্রে স্কোর হচ্ছে ০ থেকে ১১০। এতে ০ (শূন্য) হচ্ছে কোনো ধরনের বাধানিষেধ না থাকা। অন্যদিকে ১১০ হচ্ছে সবচেয়ে বিরূপ পরিবেশ। রিপোর্টার্স উইদাউট বর্ডারের ভাষ্য অনুযায়ী, ২০-এর অধিক হওয়ার অর্থই হচ্ছে ‘গণমাধ্যমের স্বাধীনতার জন্য সমস্যাসংকুল পরিস্থিতি’।

২০০২ থেকে ২০১২ সালের মধ্যে একটি ব্যতিক্রম (৩৭.৩৩) ছাড়া সব সময়ই ৪০-এর ওপরে থেকেছে। দুই বছর (২০০৪ ও ২০০৫ সালে) বাংলাদেশের স্কোর ছিল ৬০-এর বেশি। ২০১১-১২ সালে বাংলাদেশের স্কোর ৫৭.০০ (দ্রষ্টব্য: সারণি-৩)।

                                সারণি-৩

                           গণমাধ্যমের স্বাধীনতা

বছর

অবস্থান

স্কোর

২০১১-১২

১২৯

৫৭.০০

২০১০

১২৬

৪২.৫০

২০০৯

১২১

৩৭.৩৩

২০০৮

১৩৬

৪২.৭০

২০০৭

১৩৪

৫৩.১৭

২০০৬

১৩৭

৪৮.০০

২০০৫

১৫১

৬১.২৫

২০০৪

১৫১

৬২.৫০

২০০৩

১৪৩

৪৬.৫০

২০০২

১১৮

৪৩.৭৫

সূত্র: রিপোর্টার্স উইদাউট বর্ডার, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স। বিভিন্ন বছর

নাগরিক অধিকার পরিস্থিতি সূচক বিবেচনার জন্য আমরা ফ্রিডম হাউসের ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড’-এর উপাত্ত ব্যবহার করেছি। এ ক্ষেত্রে আমরা তিন প্রস্থ দীর্ঘমেয়াদি উপাত্ত ব্যবহার করে সিদ্ধান্তে উপনীত হয়েছি। এগুলো হলো: ক. ২০ বছরের (১৯৯১-২০১০) মানবাধিকার পরিস্থিতির রেটিং (০ থেকে ৭ স্কেলে গড় স্কোর হয়েছে ৩.৯) (দ্রষ্টব্য: সারণি-৪); খ. ১০ বছরের (২০০৩-২০১২) বার্ষিক সামষ্টিক স্কোর (০ থেকে ৬০ স্কেলে গড় স্কোর ৩১.৮)  (দ্রষ্টব্য: সারণি-৫); গ. সাত বছরের (২০০৬ থেকে ২০১২)  উপশ্রেণী বিন্যস্ত উপাত্ত যাতে একটি উপশ্রেণী ৬০ শতাংশের বেশি স্কোর পেয়েছে (দ্রষ্টব্য: সারণি-৬)। তিনটি সারণিতে দেওয়া উপাত্ত থেকে এই অনুসিদ্ধান্তে পৌঁছা যায় যে এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা মিশ্র।

সারণি-৪

নাগরিক অধিকার পরিস্থিতি

ফ্রিডম হাউস বার্ষিক স্কোর, ১৯৯১-২০১০

            বছর     রাজনৈতিক অধিকার স্কোর     নাগরিক অধিকার স্কোর

            ২০১০            ৩                      ৪

            ২০০৯            ৩                      ৪

            ২০০৮            ৪                      ৪

            ২০০৭            ৫                       ৪

            ২০০৬            ৪                       ৪

            ২০০৫             ৪                        ৪

            ২০০৪             ৪                        ৪

            ২০০৩             ৪                       ৪

            ২০০২             ৪                        ৪

            ২০০১             ৩                       ৪

            ২০০০             ৩                        ৪

            ১৯৯৯            ৩                        ৪

            ১৯৯৮            ২                        ৪

            ১৯৯৭             ২                        ৪

            ১৯৯৬             ২                       ৪

            ১৯৯৫             ৩                       ৪

            ১৯৯৪             ২                        ৪

            ১৯৯৩             ২                        ৪

            ১৯৯২              ২                        ৩

            ১৯৯১              ২                        ৩

সূত্র: ফ্রিডম হাউস, ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড’, বিভিন্ন বছর

সারণি-৫

নাগরিক অধিকার বার্ষিক সামষ্টিক স্কোর ২০০৩-২০১২

            বছর       রাজনৈতিক অধিকার (০-৪০)       নাগরিক অধিকার (০-৬০)

            ২০১২            ২৫                                ৩৩

            ২০১১            ২৬                               ৩৪

            ২০১০            ২৬                               ৩৩

            ২০০৯            ২২                                ৩০

            ২০০৮            ১২                               ২৮

            ২০০৭            ২২                                ৩১

            ২০০৬            ২২                               ৩১

            ২০০৫            ২২                               ৩২

            ২০০৪            ২১                               ৩৩

            ২০০৩            ২১                              ৩৩

সূত্র: ফ্রিডম হাউস ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড’, বিভিন্ন বছর

সারণি-৬

নাগরিক অধিকার, উপশ্রেণী বিন্যস্ত  ২০০৬-২০১২

বছর                              রাজনৈতিক অধিকার           

          নির্বাচনী প্রক্রিয়া  রাজনৈতিক অংশগ্রহণ  সরকারের কার্যক্রম           

২০১২             ৯            ১১              ৫           

২০১১             ৯            ১১              ৬          

২০১০             ৯            ১১              ৬                                              

২০০৯             ৯            ৯               ৪                                      

২০০৮            ৩             ৫               ৪                                          

২০০৭             ৮            ১০              ৪                                            

২০০৬            ৮            ১০              ৪                                          

বছর                       নাগরিক অধিকার

          মত প্রকাশের স্বাধীনতা    সংগঠনের অধিকার      আইনের শাসন     ব্যক্তিগত অধিকার

২০১২             ৯                      ৮                 ৭             ৯

২০১১             ৯                       ৯                 ৭            ৯          

২০১০             ৯                       ৮                  ৭           ৯                 

২০০৯             ৮                       ৮                 ৫            ৯

২০০৮             ৭                       ৬                 ৬            ৯

২০০৭             ৮                       ৮                 ৬            ৯

২০০৬            ৮                       ৮                 ৬            ৯

সূত্র: ফ্রিডম হাউস, ‘ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’, বিভিন্ন বছর

হাইব্রিড রেজিম বা সংকর শাসনব্যবস্থার একটি বড় বৈশিষ্ট্য হলো দুর্বল আইনের শাসন। কেননা এ ধরনের শাসনব্যবস্থায় সরকার আইন তার অনুকূলে এবং বিরোধীদের হয়রানির জন্য প্রয়োগ করে থাকে। তা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতির সম্মুখীন হয়। সংকর শাসনব্যবস্থায় আইনবহির্ভূত হত্যার ঘটনা ঘটে। লক্ষণীয়ভাবে অনেক ক্ষেত্রেই সরকার হয় সরকারি আধা সামরিক গোষ্ঠী অথবা সরকার-সমর্থকদের দ্বারা তৈরি সশস্ত্র গোষ্ঠীকে কর্মকাণ্ড চালাতে দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আমরা তিন প্রস্থ উপাত্ত ব্যবহার করেছি। এগুলো হলো: ক. ২০০৬ থেকে ২০১২ সালের ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ডের ‘আইনের শাসন’ উপশ্রেণীর তথ্য (০ থেকে ১৫ স্কেলে যত বেশি স্কোর পরিস্থিতি ততটা ভালো; বাংলাদেশের গড় স্কোর ৬.২) (দ্রষ্টব্য: সারণি-৬); খ. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সন্ত্রাস পরিমাপক স্কেলের স্কোর, ১৯৯১ থেকে ২০১০ (১ থেকে ৫ স্কেলে গড় ৩.৪; যত বেশি স্কোর পরিস্থিতি ততটা আশঙ্কাজনক) (দ্রষ্টব্য: সারণি-৭); গ. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাস পরিমাপক স্কেলের স্কোর, ১৯৯১ থেকে ২০১০ (১ থেকে ৫ স্কেলে গড় ৩.৭) (দ্রষ্টব্য: সারণি-৭)। এই তিনটি সূত্রের ওপর ভিত্তি করে আমাদের উপসংহার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক।

সারণি-৭

সন্ত্রাস পরিমাপক স্কেল ১৯৯১-২০০৭

            বছর     অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্কোর            যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর স্কোর

            ২০১০               ৪                                ৪

            ২০০৯               ৪                                ৪

            ২০০৮               ৪                                ৪

            ২০০৭                ৪                                ৪

            ২০০৬               ৪                                ৪

            ২০০৫               ৪