← Back
Media Reports

গণতান্ত্রিক দুর্বলতায় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল

📅 April 24, 2025 ✍️ Desh Rupantor
গণতান্ত্রিক দুর্বলতায় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল
৫৩ বছরের শাসন কাঠামোর মধ্যে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ১৬ বছরের ফ্যাসিবাদী নিপীড়নের অভিজ্ঞতা যেন আর কখনো ফিরে না আসে এই চেতনায় আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে।’

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য হলো সবার সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা। যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের পথরেখা নির্মাণ করা হবে।


গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আ-আম জনতা পার্টির বৈঠক শুরুর আগে এসব কথা বলেন তিনি। কাল জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবে ঐকমত্য কমিশন।


আলী রীয়াজ বলেন, ‘৫৩ বছরের শাসন কাঠামোর মধ্যে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ১৬ বছরের ফ্যাসিবাদী নিপীড়নের অভিজ্ঞতা যেন আর কখনো ফিরে না আসে এই চেতনায় আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে।’

আলোচনায় অংশ নেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আলোচনার শুরুতে অধ্যাপক রীয়াজ বলেন, ‘এই কমিশনের লক্ষ্য একটি সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সনদ প্রণয়ন, যা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে পথরেখা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়েই তা সম্ভব হবে।’


আলোচনায় আ-আম জনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, কার্যকরী সদস্য সাধনা মহল, তামান্না শিখাসহ ১২ সদস্যের একটি প্রতিনিধিদল।

১৭ এপ্রিল ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি।

আত্মপ্রকাশকালে দলের ঘোষণাপত্র পাঠ করেন নতুন এ দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। এ সময় তিনি দলটির পক্ষ থেকে ৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। দলের সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আসা ফাতিমা তাসনীম। ২৯৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে এ দল।

ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কার কমিশনগুলোর যেমন সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৩৫টি দল তাদের মতামত দিয়েছে এবং কমিশন প্রথম পর্যায়ে ১৬টি দলের সঙ্গে আলোচনা শেষ করেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এই ধারাবাহিক আলোচনা এবং মতামত আদান-প্রদানই হবে নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি।

News Courtesy:

Desh Rupantor | April 24, 2025