← Back
Media Reports

কোনো মায়ের বুক যেন আর খালি না হয়, এ জন্যই গণভোট: আলী রিয়াজ

📅 January 11, 2026 ✍️ Samakal
কোনো মায়ের বুক যেন আর খালি না হয়, এ জন্যই গণভোট: আলী রিয়াজ
কোনো মায়ের বুক যেন আর খালি না হয়, এ জন্যই গণভোট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়। দীর্ঘ ৯ মাস বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে। আর সেটারই বাস্তবায়ন করতে হবে ১২ ফেব্রুয়ারির গণভোটে। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট।

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে রোববার বরিশাল বিভাগীয় ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশে ভিন্নমত, দল থাকবে। তবে ভবিষ্যতে দেশ কেমন হবে, সেটা নির্ধারণ করবে জনগণ। বাংলাদেশের সংবিধান নিয়ে এতদিন ছেলেখেলা হয়েছে। ১৭ মিনিটে সংবিধান সংশোধন করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দেশের সব মানুষের সমর্থন ছিল। যা বাতিল করা হয়েছে দুই-তৃতীয়াংশের সমর্থনে। এরপর থেকে সংবিধান সংশোধন করতে হলে জাতীয় উচ্চকক্ষের অনুমতি লাগবে।

তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমার নামে এতদিন যে তামাশা করা হয়েছে, জাতীয় সনদে তা হবে না। রাষ্ট্রপতি আসলে নিজে ক্ষমা করেন না। রাজনৈতিক ফায়দা হাসিলে তার নামে ক্ষমার চিঠি ইস্যু হয়। জাতীয় সনদে সংসদে এমন ব্যবস্থার কথা বলা হয়েছে, যাতে নিজ দলের বেইনসাফি কথার বিরুদ্ধে দলের নেতারা কথা বলতে পারবেন। নির্বাচন কমিশন ও স্বাধীন পিএসসি বোর্ড গঠিত হবে, যাতে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতাসীনদের নাম ভাঙিয়ে কোনো চেয়ারে বসতে না পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার ইমামদের উদ্দেশে বলেন, জাতীয় সনদ বাস্তবায়ন না হলে আবার দেশ খুনি-মাফিয়াদের কাছে চলে যাবে। সমাজে মানুষ আপনাদের কথা বিশ্বাস করে, তাই আপনাদের সবার উচিত মানুষকে গণভোটের বিষয়ে সচেতন করা।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

News Courtesy:

Samakal | January 11, 2026