← Back
Media Reports

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই -অধ্যাপক আলী রীয়াজ

📅 May 25, 2025 ✍️ The News
নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই -অধ্যাপক আলী রীয়াজ
রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য যেমন হয়েছে, তেমনি মতভিন্নতাও রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সাথে বৈঠকই যথেষ্ট নয়, এর পাশাপাশি নাগরিক সমাজের সাথেও আলোচনার প্রয়োজন। তিনি বলেন, নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই।

ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুশীল সমাজের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এসময় কমিশনের সদস্য হিসেবে ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য যেমন হয়েছে, তেমনি মতভিন্নতাও রয়েছে। তিনি বলেন, বিপুল রক্তপাতের মধ্য দিয়ে আমরা এ পর্যায়ে উপনীত হয়েছি। ঐক্যের এমন সুযোগ বারবার আসবে না। একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা।

এসময় বক্তারা মানবাধিকার, নারীর অধিকার, ভিন্ন ভিন্ন জাতিসত্ত্বা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারসহ মৌলিক বিষয়গুলোর ওপর একমত হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ তৈরি করার তাগিদও দেন তারা। জুলাই-আগস্ট গণ-অভ্যূত্থানের পর তরুণ প্রজন্মের নারীরা প্রবল আগ্রহ ও আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে আসতে চাইছেন বলেন দাবি করেন বক্তারা। এছাড়া, তারা ঐকমত্যের বিষয়টি জাতীয় সনদের মাধ্যমে প্রতিফলনের আশাবাদ প্রকাশ করেন। যাতে ভবিষ্যতে প্রত্যেক রাজনৈতিক দল যেন সেই জাতীয় সনদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে।

এতে সুশীল সমাজের পক্ষ থেকে বিচারপতি আব্দুল মতিন, মেজর জেনারেল (অব.) আ ন ম মনীরুজ্জামান, ড. ওয়ারেসুল করিম, ড. মির্জা হাসান, ড. গীতি আরা নাসরিন, ড. সামিনা লুৎফা, সুলতানা রাজিয়া, সাংবাদিক বাসুদেব ধর, ইলিরা দেওয়ান, আশরাফুন নাহার মিষ্টি এবং চৌধুরী সামিউল হক উপস্থিত ছিলেন।

News Courtesy:

The News | May 25, 2025