← Back
Media Reports

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ৩ দলের ‘ওয়াকআউট’

📅 July 23, 2025 ✍️ Jugantor
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ৩ দলের ‘ওয়াকআউট’
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে ‘আইনশৃঙ্খলা বাহিনীর হামলার’ প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে দলগুলো ‘ওয়াকআউট’ করে।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৮তম দিনের অধিবেশন থেকে ১০ মিনিটের ‘প্রতীকী ওয়াকআউট’ করেছে বাম ধারার তিনটি দল- সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে ‘আইনশৃঙ্খলা বাহিনীর হামলার’ প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে দলগুলো ‘ওয়াকআউট’ করে।

বুধবার বেলা ১১টার পর আজকের অধিবেশন শুরু হয়। শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সঞ্চালক হিসেবে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে কথা বলার অনুরোধ করেন। তারপর বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

মাইলস্টোন স্কুলে প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর ‘আইনশৃঙ্খলা বাহিনীর হামলার’ অভিযোগ এনে প্রিন্স বলেন, ‘অতীতে এ ধরনের ঘটনা ঘটলে স্বৈরাচারী শাসকরা যে ধরনের ঘটনাগুলো ঘটাত, তারই ছায়া দেখলাম। স্বৈরাচারে যারা ছিল, তারা এখানে নানান সংকট, ষড়যন্ত্র করবে, সেটা জানি। একজন উপদেষ্টাকে দেখলাম তিনি বলছেন, গতকালের ঘটনা স্বৈরাচারেরা করেছে। এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করাই (এখন) কাজ। আগে স্বৈরাচারী হাসিনা যখন বিপদে পড়ত, এ ধরনের কথা বলত; তার পাশে ১৪ দল বা অন্যরা বসে থাকত। বলত, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সেরকম দেখছি।’

ঐকমত্যের আলোচনা জরুরি হলেও ওয়াকআউটের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘এ ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না। এ জন্য ১০ মিনিটের জন্য থাকতে চাই না।’

পরে প্রিন্সকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

পরে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আবারও সংলাপে যোগ দেন তারা।

News Courtesy:

Jugantor | July 23, 2025