← Back
Media Reports

প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই করা হচ্ছে বৈঠক: ড. আলী রীয়াজ

📅 April 22, 2025 ✍️ DESH TV
প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই করা হচ্ছে বৈঠক: ড. আলী রীয়াজ
ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। যেসব প্রস্তাব উঠেছে সেসব নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সাথেও আলোচনা করবে ঐকমত্য কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন প্রতিদিন আলোচনার বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবিহিত করা হচ্ছে। তিনি দিকনির্দেশনা দিচ্ছেন এবং তার দিকনির্দেশনা মেনেই করা হচ্ছে বৈঠক।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে সংসদ ভবনের এলডি হলে পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনার বসার আগে এসব কথা বলেন তিনি।

ড. আলী রীয়াজ বলেন, ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। যেসব প্রস্তাব উঠেছে সেসব নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সাথেও আলোচনা করবে ঐকমত্য কমিশন। আজ বিএনপির সাথে প্রাথমিকপর্যায়ের আলোচনা শেষ হবে বলেও আশা রাখেন। ৩৫টি দল সংস্কার প্রস্তাবনা দিয়েছে আর বিএনপিসহ ১৫ দলের সাথে আলোচনা হয়েছে-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী মে মাসে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে। এদিন বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে ১৭ এবং ২০ এপ্রিল প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের সাথে দিনভর বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা জমা দেয় বিএনপি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।

News Courtesy:

Desh | April 22, 2025