
“আল্লাহর মেহেরবানিতে দেশের
জনগণের সমর্থনে আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল দেশ ও জনগণের সামগ্রিক কল্যাণ ও উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে ‘দেশ বাঁচাও-মানুষ
বাঁচাও’ এই স্লোগানকে ধারণ করে ইনশাল্লাহ নিরলসভাবে কাজ করবে।
সাংবিধানিক-গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা,
আইনের শাসন এবং জনগণের ইচ্ছার সার্বভৌমত্বে বিশ্বাসী বিএনপির কাছে মহান মুক্তিযুদ্ধের
মাধ্যমে অর্জিত মাতৃভূমির স্বাধীনতা এক পবিত্র আমানত। রক্তার্জিত গণতন্ত্র সুরক্ষায়
আপসহীন বিএনপি জনগণকে সাথে নিয়ে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে
পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এই লক্ষ্যে যে কোন মূল্যে
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল সুরক্ষা, দেশকে দুর্নীতির অভিশাপ
থেকে মুক্ত করা, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জাতীয় সম্পদের সর্বোত্তম
ব্যবহার, মানবসম্পদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার
উন্নয়ন, যোগাযোগ ও অবকাঠামো সম্প্রসারণ, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর ও
অংশগ্রহণমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠা, সকল শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণের মানুষের মৌলিক
অধিকারের নিশ্চয়তা বিধানের মত বিষয়গুলোকে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।
আর এসব অর্জনের লক্ষ্যে বিএনপি
মনে করে যে, একটি কার্যকর সংসদ, দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ, রাষ্ট্র ও সামাজিক সকল
শক্তির মধ্যে কার্যকর সমঝোতা, সক্ষম ও নিরপেক্ষ প্রশাসন, স্বাধীন বিচার ব্যবস্থা, দূরদর্শী
পররাষ্ট্রনীতি এবং যথার্থই গণমুখী প্রশাসন প্রয়োজন। কিন্তু এর কোনোটাই অর্জন খুব সহজ
নয়, আবার অসম্ভবও নয়। দেশপ্রেম ও জনগণের প্রতি দায়িত্ববোধ আমাদেরকে এসব অর্জনে সফল
করবে।”